ট্রাম্পের প্রচারণা শিবিরে সাইবার হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের ওপর সাইবার হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে ইরানের ৩ নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনজীবীরা এই অভিযোগের ভিত্তিতে মামলা করেছেন। খবর নিউইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে বিভিন্ন হামলার প্রসঙ্গ বেশ জোরালো হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের উপর অন্তত দুইবার হামলার চেষ্টা হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে দেয়া ভাষণে প্রচারণা শিবিরের তথ্য হ্যাঁকের অভিযোগ তুলছেন ট্রাম্প। এবার ৩ ইরানি নাগরিকের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুললেন খোদ অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড।
অভিযোগে বলা হয়, প্রায় এক বছর ধরে অভিযুক্তরাসহ আরও কয়েকজন ইসলামিক রেভুল্যশনারি গার্ডের পক্ষে হামলার পরিকল্পনা চালিয়ে আসছে। ট্রাম্পের প্রচারণা শিবিরের গুরুত্বপূর্ণ তথ্যও চুরি করেছে তারা। যা পাঠানো হয়েছে বেশ কয়েকজন সাংবাদিক ও ডেমোক্র্যাটের নির্বাচনী পরিকল্পনার সঙ্গে জড়িতদের কাছে।
ইরানের পাশাপাশি রাশিয়া ও চীনের বিরুদ্ধেও প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছে মার্কিনীরা। তবে তা অস্বীকার করেছে মস্কো ও বেইজিং।
ডিবিটেক/বিএমটি





